বিদায়ের সাজ | মিলন পুরকাইত

0
বিদায়ের সাজ
মিলন পুরকাইত 
তারপর অস্তমিত সূর্য ধীরে ধীরে দীঘল রাঙা দাগ রেখে ডুবতে বসে পশ্চিম দিগন্তে। কাজল কালো টুকরো টুকরো ব্যথার মেঘ জলছবি আঁকে বয়ে যাওয়া নদীর বুকে। তাদের হারানোর ভয় নেই, পাওয়ার সফলতা নেই,আছে শুধু খোদাই করা বিলীন বিশ্বাস দুঃখ ভাঙার শব্দের স্বাধীনতায়। ফিরে আসার অপেক্ষায় দিন চেয়ে থাকে রাতের অববাহিকায়,সন্ধে নামে পরিচিত চোখের কিনারে।কেউ ভাবে না তাকে কষ্টের লীন তাপে গলে গলে নিভে যায় সে অপমৃত্যুর শিকারে।চোখ জুড়ে ঘুম নেমে এলে স্বপ্নেরা বাসর সাজায় ঘাসফুলের গায়ে, নীরবতার সুর বাজে বাতাসের ছায়ার শরীরে। আমরা কেউ ভেবে দেখি না মৃত্যুর জন্যই বেঁচে থাকা, সূর্য ডোবার মতোই পরাধীন ইচ্ছেরা ফিরে ফিরে আসে শোকের নিস্তব্ধতায় গোধূলির আলো ছায়ায় জীবনের শেষ অপেক্ষায়। আবার ফিরে আসার আমন্ত্রণ রক্ষায় পুবের দিগন্ত জুড়ে আলোর আলপনা উঁকি দিয়ে প্রেম বিলায় সময়ের মধ্যস্থতায়.. আমরা হারাতে চাই না, তবে কেনো হারাতে হয়, হেরে যেতে হয় , চলে যেতে হয় অসময়.... বিস্মৃতির দীপ্ত একরোখা প্রজ্জ্বলন শিখার উদাস হাওয়ার আড়ম্ববতায়...
বিদায়ের সাজ | মিলন পুরকাইত


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)