অনাহার
মিলন পুরকাইত
আকাশ হারায়নি রঙ, তারাদের হাসি ।
অপ্রতিরোধ্য কিরণ রাশির অবাধ গতি----
গ্রাম গ্রামান্তরে বনে জঙ্গলে পাহাড়ে পাহাড়ে
সুউচ্চ মিনারে, শহরের বুকে ।
বাতাস স্তব্ধ হয়নি আজও-----
শ্বাস প্রশ্বাসে সাম্যের গান শুনি ।
অকৃপণ হাতে উদার নদীর উদাত্ত আহ্বান,
উচ্ছ্বাসে ভরা সাগরের বুক, খুশির লহর-----
প্লাবিত উষ্ণ ঊষর বালুকাবেলা ।
মেঘের দিকে তাকিয়ে দেখো -------
ভয়াল রূপের আড়ালে জীবনের গান,
লক্ষ মোতির অবিরাম ধারায় নিঃস্ব রিক্ত----
সবুজ মাঠে স্বর্ণের রূপকার !
বাজের হুঙ্কার ভাসে কানে ,
গুরুগম্ভীর সুরে কাঁপে বুক ------
অকৃপণ দানে ,আলো বাতাস,
সাগর নদী, সূর্য আকাশে-----
তবুও যায়নি আজো অনাহার !
ফেসবুক পোস্ট দেখুন:- Facebook.com/অনাহার | মিলন পুরকাইত
